ঈদকে কেন্দ্র করে ব্যানার–ফেস্টুনের কারণে নগরের নান্দনিকতা নষ্ট ও যান চলাচলে বিঘ্ন ঘটছে—বলছেন সিসিক প্রশাসক
ঈদ উপলক্ষে সিলেটে বিলবোর্ড–ফেস্টুন না লাগানোর আহ্বান সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর
- আপডেট সময় : ০৯:০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ২২ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিটি করপোরেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদকে কেন্দ্র করে নগরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, ফুটপাত, বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড টানানোর প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে একদিকে নগরের নান্দনিক সৌন্দর্য নষ্ট হচ্ছে, অন্যদিকে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পথচারীদের চলাচলেও নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নান্দনিক নগর গড়ে তুলতে সকলের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। নগরের যেখানে-সেখানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড টানানো হলে শহরের পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হয়। আমরা চাই সিলেট একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত নগর হিসেবে গড়ে উঠুক।
তিনি আরও বলেন, নগরের সৌন্দর্য সংরক্ষণ শুধু সিটি কর্পোরেশনের একার দায়িত্ব নয়; এটি সকল নাগরিকের সম্মিলিত দায়িত্ব। তাই ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের পরিবেশ ও সৌন্দর্যের ক্ষতি হয়—এমন কোনো কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।
সিসিক প্রশাসক আরও বলেন, সিলেট একটি ঐতিহ্যবাহী ও পর্যটনসমৃদ্ধ নগর। এ নগরের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। আসুন, আমরা সবাই মিলে পরিচ্ছন্ন, নান্দনিক ও সুন্দর সিলেট নগর গড়ে তুলি।






















