চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিচারক সংকটের মধ্যেও মামলা নিষ্পত্তির অগ্রগতি তুলে ধরা হয়
রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত, দ্রুত ন্যায়বিচার নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান
- আপডেট সময় : ১১:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান জীবন |
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীতে দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক।
বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিচার বিভাগ, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কনফারেন্সে উপস্থিত কর্মকর্তারা সাধারণ মানুষের দ্রুত বিচার প্রাপ্তি নিশ্চিত করা এবং মামলা নিষ্পত্তিতে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বিচার প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সভাপতির বক্তব্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুল হক বলেন, বিচারপ্রার্থী মানুষের দুর্ভোগ কমাতে এবং বিচার প্রক্রিয়ায় গতি আনতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের পারস্পরিক সহযোগিতা বাড়ালে বিচার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় জানানো হয়, বিচারক সংকট থাকা সত্ত্বেও রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উল্লেখযোগ্য সংখ্যক মামলা নিষ্পত্তি হয়েছে। বিশেষ করে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে ‘সামারি ট্রায়াল’ বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি জোরদার করায় বিচারপ্রার্থীরা দ্রুত সুফল পাচ্ছেন।
দ্রুততম সময়ে ন্যায়বিচার নিশ্চিত করার এই উদ্যোগের জন্য সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সিএমএম মাসুদুল হকের ভূয়সী প্রশংসা করেন।
কনফারেন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), সহকারী পুলিশ কমিশনার, মহানগরের বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), র্যাব ও বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, সকল ম্যাজিস্ট্রেট, সিনিয়র সিভিল জজ (সদর ও পবা) এবং পারিবারিক আদালতের বিচারকসহ বিচার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।














