উন্নয়নের প্রতিশ্রুতি: পটিয়াকে আধুনিক ও মাদকমুক্ত জনপদ গড়ার অঙ্গীকার এমপি এনামের
পটিয়ায় নবাগত এমপি আলহাজ্ব এনামুল হক এনামের ১৬ কোটি ২০ লাখ টাকার দুই সড়ক উন্নয়ন প্রকল্প উদ্বোধন
- আপডেট সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

ফারুকুর রহমান বিনজু |
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছেন এনামুল হক এনাম। চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম প্রায় ১৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কাজের উদ্বোধন করেন তিনি।
গত ১ মার্চ (রবিবার) চট্টগ্রাম বিভাগের উপজেলা সড়ক ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় খরনা ভাইয়ার দিঘি থেকে অলির হাট পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের (ব্যয় প্রায় ২ কোটি ২০ লাখ টাকা) উদ্বোধন করা হয়।
একই সঙ্গে কান্চননগর ইউনিয়ন পরিষদ থেকে শোভন দন্ডী ইউনিয়ন হয়ে মুরালিঘাট পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের (ব্যয় প্রায় ১৪ কোটি টাকা) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি এনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল, পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, “পটিয়ার জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন উন্নয়নের জন্য। আমি পটিয়ার স্কুল, কলেজ, মাদ্রাসা ও রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব। পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাব।”
স্থানীয়দের প্রত্যাশা, এই দুই সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও কৃষিখাতে ইতিবাচক প্রভাব পড়বে।





















