চিরকুটে লেখা আবেগঘন বার্তা নতুন করে যুবসমাজের মানসিক স্বাস্থ্য ও কর্মসংস্থান সমস্যা আলোচনায়
কুড়িগ্রামে বেকারত্বজনিত হতাশায় যুবকের আত্মহত্যা: ‘আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না জন্মে’ চিরকুট
- আপডেট সময় : ০৩:৩০:২০ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

এম এন জাকারিয়া খাঁন মুরাদ |
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বেকারত্ব ও মানসিক চাপের কারণে আবুল কালাম আজাদ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার দলদলিয়া ইউনিয়নের গণকপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম দীর্ঘদিন ধরে বেকারত্বে ভুগছিলেন এবং চাকরির জন্য বিভিন্ন জায়গায় চেষ্টা করেও সফল হননি। হতাশা ও মানসিক চাপে ভেঙে পড়া আবুল কালাম মৃত্যুর আগে পরিবারের উদ্দেশে একটি আবেগঘন চিরকুট লিখে যান।
চিরকুটে তিনি লিখেছেন:
“প্রিয় পরিবার। আমি অনেক ভাগ্যবান যে তোমাদের মতো পরিবার পাইছি। কিন্তু আমার মনে হয়, আমার মতো ছেলে পেয়ে তোমরা একটুও সুখী নও। কারণ আমি বেকার। আমি সারাজীবন শুধু তোমাদের খেয়ে গেছি, কখনো তোমাদেরকে খাওয়াইতে পারি নাই। তোমরা সবাই আমাকে মাফ করে দিও। আর আমার জন্য দোয়া করিও। আর আমিও দোয়া করি, আমার মতো ছেলে যেন কোনো পরিবারে না জন্মে।”
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দীক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যুবকটি আত্মহত্যা করেছেন। তার কাছ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হবে।
স্থানীয়দের মতে, বেকারত্ব ও কর্মসংস্থানের অভাব তরুণ সমাজকে গভীর মানসিক সংকটে ঠেলে দিচ্ছে। এ ঘটনায় নতুন করে কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও যুবসমাজের জন্য সহায়ক নীতি প্রয়োজনীয়তার দাবি উঠেছে।














