সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ; নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি লক্ষণীয়
ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে দীর্ঘ লাইনে ভোটাররা
- আপডেট সময় : ০৯:৫৯:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

অপেক্ষার প্রহর শেষে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন অঞ্চলের ভোটকেন্দ্রের সামনে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সেই উপস্থিতি দীর্ঘ লাইনে রূপ নেয়।
রাজধানী ঢাকাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে নারী, পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনেক কেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ পরিবার নিয়ে, কেউ আবার প্রতিবেশীদের সঙ্গে ভোট দিতে কেন্দ্রে আসেন। নির্বাচন ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ মোট ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। এবার মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৩ জন।
নির্বাচন কমিশন জানিয়েছে, শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করছে। কোথাও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ভোটাররা জানান, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই সুযোগকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। প্রথমবার ভোট দিতে এসে অনেক তরুণ ভোটার উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রবীণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
সার্বিকভাবে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানা গেছে।














