ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-১ আসনে বিএনপির গণসংযোগ জোরদার
উন্নয়নের প্রতীক ধানের শীষে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ভোট দেওয়ার আহ্বান: সিলেট-১ আসনে হুমায়ুন কবির
- আপডেট সময় : ০৬:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

কামাল খান | সিলেট প্রতিনিধিঃ
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেন, ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের প্রতীক। গত দেড় দশকের দুঃশাসন থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে এবং সিলেট অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের কোনো বিকল্প নেই।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পথসভায় বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন।
এসময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ তুহেল, জহির আহমদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সিলেট-১ আসন থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে এবং জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়িত হবে।














