আধুনিক প্রযুক্তিতে মসলার উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জে মসলার উন্নত জাত সম্প্রসারণে মাঠ দিবস: আধুনিক প্রযুক্তিতে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৮:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

২০২৫–২০২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় চাঁপাইনবাবগঞ্জে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপরাজারামপুরে সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে শীতকালীন পেঁয়াজ, রসুন, আদা, বিনা হলুদ ও বারি পেঁয়াজ–১ জাতের উৎপাদন ও সম্প্রসারণ বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ–পরিচালক ড. মোঃ ইয়াছিন আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী অঞ্চলের কৃষি দপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান। তিনি বলেন, “মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।”
শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুনাইন বিন জামান। কারিগরি আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষক প্রতিনিধি নাসিরুল ইসলাম।
মাঠ দিবসে প্রায় ১৫০ জন কৃষক ও কৃষাণী অংশ নেন। তারা উন্নত জাতের মসলার চাষাবাদ পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন এবং ভবিষ্যতে এসব প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন।




















