“সমান নাগরিকত্ব, নিরাপত্তা ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকার”
“মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা: সমান নাগরিকত্ব, নিরাপত্তা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার
- আপডেট সময় : ০৭:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

দেশে মানবিক রাজনীতি ও সর্বজনীন মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে “বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ” আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আল্লামা ইমাম হায়াত প্রবর্তিত মানবতার রাজনীতির আদর্শে প্রণীত এ ইশতেহারে সব ধর্ম, মত ও পথের মানুষের সমান নাগরিক অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, বাংলাদেশ হবে সাংবিধানিকভাবে সব মানুষের সমান মালিকানাভিত্তিক মানবতার রাষ্ট্র, যেখানে কোনো একক ধর্ম, মতবাদ বা গোষ্ঠী রাষ্ট্র দখল করতে পারবে না। দলীয় সরকার হলেও তা হবে সর্বজনীন রাষ্ট্রের প্রতিনিধি, কোনো দলীয় স্বার্থে নয়।
ইনসানিয়াত বিপ্লব ঘোষণা করেছে—
মোবাইল অ্যাপভিত্তিক স্বচ্ছ ভোটব্যবস্থা
স্বাস্থ্য ও জীবনরক্ষাকারী ওষুধ করমুক্ত
আবাসিক গৃহ করমুক্ত
মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষা
প্রবাসীদের পূর্ণ সুরক্ষা ও মর্যাদা
খাদ্যে ভেজালমুক্ত কঠোর নিয়ন্ত্রণ
কৃষকদের সুদমুক্ত ঋণ ও ন্যায্যমূল্য
নারীর সমান অধিকার ও নিরাপত্তা
পরিবেশ সুরক্ষা ও নদী রক্ষা
দুর্নীতি, চাঁদাবাজি ও মিথ্যা মামলা নির্মূল
দলটির মতে, বর্তমান সংকটের মূল কারণ একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি। তাই তারা মানবতার রাষ্ট্র ও খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণের রায় চেয়েছে।
ইশতেহারে বিশেষ আদালতের মাধ্যমে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার দ্রুত বিচারের কথাও বলা হয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের স্বচ্ছ ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দলটি আসন্ন নির্বাচনে “আপেল মার্কা” প্রতীকে ভোট চেয়েছে এবং জনগণকে মানবতার রাজনীতির পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।















ইনসানিয়াত বিপ্লবের জয় সব মানুষের জয়, ইনসানিয়াত বিপ্লবের জয় সব ধর্মের জয়