“উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষে ভোটের আহ্বান বিএনপি প্রার্থীর”
“ধানের শীষে ভোট দিলে আগামী পাঁচ বছর জনগণের সেবা নিশ্চিত হবে: এবিএম মোশাররফ হোসেন”
- আপডেট সময় : ০৭:৩৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেছেন, “দেশের উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিন। ইনশাল্লাহ, আপনারা যদি ধানের শীষে ভোট দেন, তাহলে আগামী পাঁচ বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারব।”
তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল এবং এই দল ক্ষমতায় এলে অবহেলিত জনপদের উন্নয়ন নিশ্চিত করা হবে। ইতোমধ্যে চরমোন্তাজ ইউনিয়নের চরমন্ডল এলাকা থেকে চর-বেষ্টিন এবং বাইলাবুনিয়া থেকে চরমার্গারেট পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা বেরিবাঁধগুলো দ্রুত সংস্কার করা হবে বলে তিনি আশ্বাস দেন।
জনসভায় উপস্থিত বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণের উদ্দেশে তিনি বলেন, “যদি কোনো প্রার্থী জান্নাতের টিকিট দিতে পারে, তাহলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহার করব, কারণ আমিও জান্নাতে যেতে চাই।” তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে।






















