ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল বহাল রাখল আপিল বিভাগ
আপিল খারিজ: কুমিল্লা-৪ নির্বাচনে অযোগ্য হলেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী
- আপডেট সময় : ০১:৪৬:০২ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পাওয়ার আবেদন চূড়ান্তভাবে নাকচ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালতের এই সিদ্ধান্তের ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ তাঁর লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।
আইনজীবীরা জানান, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও মনোনয়নপত্রের হলফনামায় বিষয়টি উল্লেখ করেননি। এই কারণেই তাঁর প্রার্থিতা পুনর্বহালের আবেদন গ্রহণযোগ্য হয়নি।
এর আগে গত ১৭ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। পরবর্তীতে তিনি হাইকোর্টে রিট করেন। ২১ জানুয়ারি হাইকোর্ট ইসির সিদ্ধান্ত বহাল রেখে তাঁর আবেদন খারিজ করেন। এরপর ২২ জানুয়ারি তিনি সুপ্রিম কোর্টে আপিল করেন।
এদিকে কুমিল্লা-৪ আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। আদালতের রায়ের পর তিনি ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে লিখেছেন, “বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের লড়াইয়ে জনগণের বিজয় হয়েছে।”














