জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের জনসমাগম
পাঁচবিবিতে ধানের শীষের সমর্থনে বিশাল মিছিল, নেতৃত্ব দেন মাসুদ রানা প্রধান
- আপডেট সময় : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন | পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের ধানের শীষ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পাঁচবিবি গোহাটি চত্ত্বরে এসে জড়ো হতে থাকেন। বিকেলের দিকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোহাটি চত্ত্বর জনসমুদ্রে পরিণত হয়।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।
তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন ও নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জিয়াউর ফেরদৌস রাইট, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে মাসুদ রানা প্রধানের নেতৃত্বে একটি বিশাল মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।






















