শান্তি আলোচনার মধ্যেই রাশিয়ার হামলায় ইউক্রেনে ট্রেন ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি
ইউক্রেনে ভয়াবহ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা: ট্রেনে আগুন, নিহত অন্তত ১২
- আপডেট সময় : ০৭:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

ইউক্রেনে রাশিয়ার টানা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেশটির জ্বালানি অবকাঠামো ও একটি যাত্রীবাহী ট্রেন লক্ষ্য করে চালানো এসব হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহত হন।
মঙ্গলবার রাতভর চালানো হামলায় উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে প্রায় ২০০ যাত্রী বহনকারী একটি ট্রেনের বগিতে ড্রোন আঘাত হানে। এতে অন্তত পাঁচজন নিহত হন এবং ট্রেনের একটি অংশে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। পরে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসামরিক যাত্রীবাহী ট্রেনে হামলার কোনো সামরিক যৌক্তিকতা নেই। এই ধরনের হামলা শান্তি আলোচনার সম্ভাবনাকে দুর্বল করে দিচ্ছে।
দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় রাশিয়ার ৫০টির বেশি ড্রোন হামলায় তিনজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী ও শিশু রয়েছে। হামলায় বহু আবাসিক ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, একটি গির্জা ও কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পশ্চিম ইউক্রেনের লভিভ ও ওডেসা অঞ্চলে জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র শীতের মধ্যে কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। রাষ্ট্রায়ত্ত গ্যাস কোম্পানি নাফতোগাজ জানায়, চলতি মাসে এটি তাদের ওপর পঞ্চম হামলা।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনার উদ্যোগ চললেও রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।














