গোমতী নদীর উত্তর পাড়ে মরদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য, তদন্ত শুরু করেছে পুলিশ
কুমিল্লার টিক্কাচরে গোমতী নদীর উত্তর পাড় থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৯:৪৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর উপজেলার টিক্কাচর এলাকায় গোমতী নদীর উত্তর পাড় থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের গোমতী নদীর উত্তর পাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম হুমায়ুন কবির (৫৫)। তিনি কুমিল্লা সদর উপজেলার পাচথুবী ইউনিয়নের শালধর (সর্দার বাড়ি) এলাকার বাসিন্দা এবং মৃত মালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে স্থানীয়রা গোমতী নদীর উত্তর পাড় এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি হুমায়ুন কবিরের বলে শনাক্ত করেন। মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মৃত্যুর কারণ ও ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।





















