কিশোরগঞ্জের বাজিতপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালিকসহ চারজন দগ্ধ হয়েছেন। বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাজিতপুরে পেট্রোল পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: মালিকসহ দগ্ধ ৪, দুইজনের অবস্থা আশঙ্কাজনক
- আপডেট সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেল নেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে পাম্প মালিকসহ অন্তত চারজন গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনাটি ঘটে আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে বাজিতপুর উপজেলার সরারচর এলাকার একটি পেট্রোল পাম্পে। প্রত্যক্ষদর্শীরা জানান, পেট্রোল পাম্প থেকে একটি লরিতে তেল সরবরাহের সময় হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা চারজন দগ্ধ হন।
দগ্ধ ব্যক্তিরা হলেন— রাজিব (৩৫), হারুন (৪৫), রহমত উল্লাহ (৪০) ও রিয়াদ (৪০)। আহতদের দ্রুত উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
দগ্ধ রাজিবের ভগ্নিপতি শরীফ জানান, ভোরে আগুন লাগার পর তিনি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকায় নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাজিবের শরীরের প্রায় ৮০ শতাংশ, হারুনের ৬০ শতাংশ, রহমত উল্লাহর ১৫ শতাংশ এবং রিয়াদের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।
গুরুতর দগ্ধ হওয়ায় রাজিব ও হারুনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক। অপর দুইজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।






















