শীতের রোদ, প্রকৃতি আর পিঠার স্বাদে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে দিনব্যাপী ব্যতিক্রমী আয়োজন
রাজশাহীতে শীতের রোদ আর পিঠার মিলনে ব্যতিক্রমী ‘রোদ পোহানো উৎসব’ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া |
প।রাজশাহী জেলা প্রতিনিধিঃ
রাজশাহীতে শীতের আমেজকে কেন্দ্র করে ব্যতিক্রমী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে শীতের পিঠা উৎসব ও ‘রোদ পোহানো উৎসব’।
মাঘ মাসের ঝলমলে রোদ আর শীতের মিষ্টি আবহ উপভোগ করতে রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
শীতের রোদে আনন্দ আর পিঠার সুগন্ধে মুখর হয়ে ওঠে পুরো কলেজ প্রাঙ্গণ। উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় নানা ধরনের পিঠার স্টল। ঐতিহ্যবাহী ভাপা পিঠা, পাটিসাপটা, চিতই, দুধ চিতইসহ বিভিন্ন শীতকালীন পিঠা দর্শনার্থীদের আকর্ষণ করে।
একই সঙ্গে কলেজ মাঠে সারি সারি চেয়ারে বসে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের রোদ পোহাতে দেখা যায়। খোলা মাঠে শীতের আমেজ, প্রকৃতির ছোঁয়া আর উৎসবের আনন্দ মিলিয়ে এক ভিন্নধর্মী পরিবেশ তৈরি হয়।
উৎসবের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক ও প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের দেশে বৈশাখ, বর্ষা কিংবা চৈত্র সংক্রান্তি ঘিরে নানা আয়োজন হলেও শীত মৌসুমে তেমন আয়োজন চোখে পড়ে না। মূলত শীতের রোদ, প্রকৃতি ও আনন্দ—এই তিনটিকে একসঙ্গে উপভোগ করতেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে।
প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা জানান, এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম ও উপভোগ্য। সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে খোলা মাঠে শীতের রোদ পোহাতে দারুণ লেগেছে।শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।




















