ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে না পেরে সমাজের বিত্তবানদের সহায়তা কামনা
দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত নাসিমা বাঁচতে চায়, মানবিক সহায়তার আকুতি
- আপডেট সময় : ০৭:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

এ.এস.এম হামিদ হাসান |
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
দুরারোগ্য ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার হতদরিদ্র বিধবা নাছিমা বেগম (৪৩)। তিনি কটিয়াদী পৌরসভার কাহেতেরটেকী গ্রামের মৃত ফুল মিয়ার স্ত্রী।
অর্থাভাবে ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যেতে না পারায় মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তার পরিবার।
চিকিৎসা সূত্রে জানা যায়, নাছিমা বেগম বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ইবনে সিনা হাসপাতাল এবং ডেলটা হাসপাতাল লিমিটেডে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে রাজধানীর ডেলটা হাসপাতাল লিমিটেডে ক্যানসার বিশেষজ্ঞ ডা. তানজিরা আক্তার নিতুর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকদের ভাষ্যমতে, তিনি দুরারোগ্য ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি ও রেডিওথেরাপিসহ ধারাবাহিক চিকিৎসা গ্রহণ করলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা এই অসহায় পরিবারের পক্ষে বহন করা সম্পূর্ণ অসম্ভব।
নাছিমার ছেলে মো. বাদল মিয়া বলেন, “আমার বাবা প্রায় দুই বছর আগে মারা গেছেন। আমাদের কোনো স্থাবর সম্পদ নেই। আর্থিক সংকটের কারণে এখনো মায়ের কেমোথেরাপি শুরু করতে পারিনি। দেশবাসীর কাছে মায়ের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়াচ্ছি। আপনাদের সামান্য সহযোগিতাই আমার মায়ের জীবন বাঁচাতে পারে।”
তিনি আরও বলেন, “এই পৃথিবীতে আমার একমাত্র ভরসা আমার মা। তিনি সুস্থ হয়ে উঠলে একটি পরিবার বেঁচে যাবে। তাই সমাজের সকল বিত্তবান ও মানবিক মানুষের কাছে বিনীত অনুরোধ, আমাদের পাশে দাঁড়ান।”
পরিবার সূত্রে জানা যায়, আত্মীয়স্বজন ও গ্রামবাসীর সহায়তায় ইতোমধ্যে নাছিমা বেগমের চিকিৎসায় প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার পরিকল্পনা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। বর্তমানে তাকে পুরোপুরি সুস্থ করতে আরও প্রায় ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন, যা এই পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব নয়।
ব্যয়বহুল চিকিৎসার চাপ সামলাতে গিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। নিত্যদিনের সংসার চালাতেই হিমশিম খেতে হচ্ছে, সেখানে ক্যানসারের মতো মারাত্মক রোগের চিকিৎসা তাদের জন্য চরম কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে।
এমতাবস্থায় নাছিমা বেগমের ছেলে বাদল মিয়া সমাজের সর্বস্তরের মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।
আর্থিক সহযোগিতা পাঠানোর ঠিকানা:নাছিমা বেগম, মোবাইল নম্বর: ০১৩০৭-৬৫৭৪৯৭(পার্সোঃ)
বিকাশঃ ০১৭১৮-১১৫০৫২,সঞ্চয়ী হিসাব নম্বরঃ ০১৭৯১১১০০০০০২৬১ ,উত্তরা ব্যাংক,কটিয়াদী শাখা, কিশোরগঞ্জ।






















