শিবচরে বিএনপির দোয়া মাহফিলে উন্নয়ন ও সুশাসনের প্রত্যয় ব্যক্ত
শিবচরে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা
- আপডেট সময় : ১১:৪১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত শিবচর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. জহের গোমস্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিয়া মিঠু চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাবেক এমপির শাসনামলে শিবচর বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেওয়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছিল। এমনকি জরুরি রোগীদের ক্ষেত্রেও মানবিকতা দেখানো হয়নি। বক্তারা আরও বলেন, শিবচরের মানুষ কখনো টাকা দিয়ে ভোট দেয় না। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কোনো চাঁদাবাজি, দুর্নীতি কিংবা অনিয়মের অভিযোগ নেই। তাই এই নেত্রী নির্বাচিত হলে শিবচরে অন্যায় ও অবিচারের কোনো স্থান থাকবে না।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক সুহাদা আক্তার বলেন, দলের জন্য নেতাকর্মীরা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন। সেই ত্যাগের মূল্যায়ন করতে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, ধানের শীষ বিজয়ী হলে শিবচরের সার্বিক উন্নয়ন নিশ্চিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে নাদিয়া মিঠু চৌধুরী বলেন, “শিবচরের মানুষই আমার পরিবার। অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গেই থাকবো।”
এ সময় শিবচর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।






















