সাক্ষাৎকালে নির্বাচনী দিকনির্দেশনা ও ধানের শীষের বিজয় কামনা
তারেক রহমানের সঙ্গে যশোর-৫ আসনের ধানের শীষের প্রার্থী মুফতি রশীদ আহমাদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ১১:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মুফতি রশীদ আহমাদ।
রবিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে রশীদ আহমাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রকাশিত একটি পোস্টের সূত্র ধরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মুফতি রশীদ আহমাদ জানান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের একটি বিশেষ প্রতিনিধি দলের শীর্ষ স্থানীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তাঁর এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আলোচনার বিষয়ে তিনি আরও বলেন, তারেক রহমান শুরুতেই তাঁর মরহুম পিতার কথা স্মরণ করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্রুটিমুক্ত নির্বাচনী প্রচারণা পরিচালনার নির্দেশনা দেন এবং দলীয় প্রতীক ধানের শীষের বিজয়ের মাধ্যমে নির্বাচনে সফলতা কামনা করেন।
এ সাক্ষাৎকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।






















