ছড়া সাহিত্য ও সংস্কৃতির মিলনমেলায় রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজন
রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসবে ২২ গুণীজনকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে সাহিত্য, গবেষণা, সংগীত, নাট্য, সমাজসেবা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের জন্য ২২ জন গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়।
রাজশাহী নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ।
অনুষ্ঠানে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ ও ‘রঙ মাখা শব্দের ঢেউ’ শীর্ষক দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভ. নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম-উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী।
হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা। অন্যদিকে ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থ নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।






















