মাদেনের খনিতে মিলল ৭৮ লাখ আউন্স স্বর্ণ, অর্থনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত
চার স্থানে বিপুল স্বর্ণের মজুত, সৌদি আরবের অর্থনীতিতে সম্ভাবনার জোয়ার
- আপডেট সময় : ১০:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

সৌদি আরবে বিপুল পরিমাণ স্বর্ণের মজুত আবিষ্কারের ঘোষণা দিয়েছে দেশটির সরকারি খনি কোম্পানি মাদেন (Ma’aden)। চারটি ভিন্ন স্থানে পরিচালিত খনন কার্যক্রম শেষে মোট ৭৮ লাখ আউন্স স্বর্ণের নিশ্চিত মজুত শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
মাদেন জানায়, প্রাথমিক অনুসন্ধান ও খনন পর্যায়ে প্রায় ৯০ লাখ আউন্সের বেশি স্বর্ণের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। তবে খনন ব্যয়, বৈশ্বিক বাজারদর এবং বার্ষিক হিসাব-নিকাশ সমন্বয়ের পর প্রকৃত মজুত নির্ধারিত হয়েছে ৭৮ লাখ আউন্স।
সবচেয়ে বেশি স্বর্ণ পাওয়া গেছে মাদেনের প্রধান প্রকল্প এলাকা মানসুরা মাসারাহ থেকে। গত এক বছরে এই প্রকল্পেই নতুন করে ৩০ লাখ আউন্স স্বর্ণ যুক্ত হয়েছে, যা সৌদি আরবের খনিজ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এছাড়া জাবাল শায়বান ও জাবাল আল ওয়াকিল এলাকায় স্বর্ণের পাশাপাশি তামা, নিকেল এবং প্ল্যাটিনাম গ্রুপের ধাতুর সন্ধানও মিলেছে। এসব মূল্যবান খনিজের আবিষ্কার সৌদি আরবের অর্থনীতিতে বৈচিত্র্য আনবে এবং তেলনির্ভরতা কমাতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার সৌদি আরবের Vision 2030 বাস্তবায়নে খনিজ সম্পদ খাতকে আরও শক্তিশালী করবে এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।














