দক্ষিণ নারায়ণপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাদরাসা শিক্ষার্থী জুনাইদের
কুমিল্লা দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, মাদরাসা ছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০২:১০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবীদ্বারে কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম জুনাইদ হোসেন (২২)। তিনি একজন মাদরাসা ছাত্র ছিলেন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ নারায়ণপুর (ছয়গুরা) এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত জুনাইদ হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার সমীবাদ গ্রামের মো. আক্তার হোসেনের ছেলে। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন সোনাকান্দা আলিয়া মাদরাসার তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লাগামী একটি সিএনজি দক্ষিণ নারায়ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ইটবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই যাত্রী জুনাইদ হোসেন নিহত হন। এ সময় সিএনজি চালকও গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত সিএনজি ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।














