অর্থ পাচার ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে সিআইডির আবেদনে আদালতের বড় পদক্ষেপ
রাজশাহীর সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ, আদালতের আদেশ
- আপডেট সময় : ০৮:০৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের নামে বিভিন্ন ব্যাংকে থাকা ৪১টি হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) সিআইডি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড বিভাগের পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান এসব হিসাব জব্দের আবেদন করেন। আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর আওতাভুক্ত অপরাধ।
আবেদনে আরও উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটন তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন এবং ভোগ-বিলাসে ব্যবহার করেছেন বলে প্রাথমিকভাবে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে মামলার অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।
সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং যাতে অভিযুক্তরা এসব হিসাব থেকে অর্থ উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করে পাচার করতে না পারে, সেজন্য আদালত এসব ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন।














