গোদাগাড়ীর পদ্মা নদীর চরে বিজিবির মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য
রাজশাহীতে বিজিবির অভিযানে পদ্মা চরে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৪৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র মাদকবিরোধী অভিযানে ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৪টার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন মাদ্রাসার মোড় এলাকার পদ্মা নদীর চর দিয়ে মাদক পাচারের প্রস্তুতির খবর পাওয়া যায়। এর পরপরই বিজিবির একটি টহল দল মাদ্রাসার মোড় সংলগ্ন পদ্মা নদীর চরের পাশে একটি আম বাগানে ওৎ পেতে অবস্থান নেয়।
দীর্ঘ সময় নজরদারির পর দেখা যায়, এক ব্যক্তি ঘন কুয়াশার মধ্যে মাথায় একটি বস্তা নিয়ে আম বাগানের দিকে এগিয়ে আসছে। বিজিবি সদস্যরা তাকে আটক করার চেষ্টা করলে সে বস্তাটি ফেলে দিয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
পরে বস্তাটি তল্লাশি করে বিজিবি সদস্যরা ২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যকে মালিকবিহীন ঘোষণা করে গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক কারবারীকে শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।






















