গোলাপগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপির মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী
সাংবাদিকরা দেশ সংস্কারের সহায়ক শক্তি, আমাকে প্রশ্ন করবেন ও পরামর্শ দেবেন: অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী
- আপডেট সময় : ০১:৫২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

কামাল খান | গোপালগঞ্জ প্রতিনিধিঃ
সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং দেশ সংস্কারের অন্যতম সহায়ক শক্তি—এ মন্তব্য করেছেন সিলেট-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি বলেন,সাংবাদিকরা তাকে প্রশ্ন করবেন, ভুল ধরিয়ে দেবেন এবং পরামর্শ দিয়ে দেশ ও সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গোলাপগঞ্জ পৌরসদরের একটি অভিজাত রেস্টুরেন্টে গোলাপগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের কাছ থেকে গুরুত্বের সঙ্গে মতামত ও পরামর্শ গ্রহণ করেন বিএনপির এই নেতা।
অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশ গড়া ও রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সাংবাদিকদের একটি ছবি কিংবা একটি ক্ষুরধার লাইন সমাজের অন্ধকার চিত্র বদলে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষই তার অভিভাবক। এই জনপদেই তার জন্ম, বেড়ে ওঠা ও রাজনৈতিক পথচলার শুরু। ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
সেই ত্যাগ ও দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি তাকে মনোনয়ন দিয়েছে।
এমরান আহমদ চৌধুরী স্পষ্ট করে বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই সিলেট-৬ আসনের চূড়ান্ত প্রার্থী। এ বিষয়ে কোনো বিভ্রান্তি বা বিতর্কের সুযোগ নেই। আগামীর দিনগুলোতে গোলাপগঞ্জের সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করে তিনি বলেন, উন্নয়নের স্বার্থে ভুল হলে সাংবাদিকরা যেন তা ধরিয়ে দেন এবং এগিয়ে চলার পথে পরম বন্ধু হয়ে পাশে থাকেন।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এমপি হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে কাজ করব। আমার কাজকে সবসময় চ্যালেঞ্জ করার অধিকার সাংবাদিকদের থাকবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা নার্জিস আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবু তাহের, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহইয়া আহমদ, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরীসহ জেলার ও উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল, এনামুল হক, মাহফুজ আহমদ চৌধুরী, আব্দুল আজিজ, হারিছ আলী, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য কামাল খান, সিলেট জেলা সাধারণ সম্পাদক শাহান উদ্দিন নাজু, সদস্য শিহাব উদ্দিনসহ গোলাপগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।






















