বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে আন্দোলন স্থগিতের ইঙ্গিত শ্রমিকদের
কালিয়াকৈরে মাহমুদ ডেনিমের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
- আপডেট সময় : ০৬:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মাহমুদ ডেনিম লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে মহাসড়কের ওই অংশে তীব্র যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে কারখানার শতাধিক শ্রমিক সফিপুর এলাকায় মহাসড়কের ওপর অবস্থান নেন। শ্রমিকদের অবরোধের কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, ফলে কর্মস্থলগামী মানুষসহ দূরপাল্লার যাত্রীরা বিপাকে পড়েন।
শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তাদের নিয়মিত বেতন পরিশোধ করা হচ্ছে না। বকেয়া বেতন পরিশোধের দাবিতে একাধিকবার কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। বাধ্য হয়েই তারা মহাসড়কে নেমে আন্দোলনে অংশ নেন বলে জানান শ্রমিকেরা।
খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে শ্রমিকেরা অবরোধ কর্মসূচি স্থগিত করার বিষয়টি বিবেচনা করবেন বলে জানান।
এ ঘটনায় সাময়িকভাবে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।














