সুন্দরগঞ্জে উদ্ধার হওয়া শকুনটিকে উন্নত পরিচর্যার জন্য পাঠানো হচ্ছে দিনাজপুরে
গাইবান্ধায় বিপন্ন প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার, বন বিভাগে হস্তান্তর
- আপডেট সময় : ০৩:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিপন্ন প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (তীর)-এর সদস্যরা শকুনটিকে উদ্ধার করে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে সুন্দরগঞ্জ উপজেলার কছিম বাজার এলাকায় শকুনটি উদ্ধার করা হয়। স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার (৪ জানুয়ারি) সীচা-কছিম বাজার এলাকার বাসিন্দা আমিন হোসেনের জমিতে শকুনটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
খবর পেয়ে তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার একটি প্রতিনিধিদল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় শকুনটিকে উদ্ধার করে। পরে শকুনটিকে গাইবান্ধা বন বিভাগে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধারকালে উপস্থিত ছিলেন তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি জিসান মাহমুদ, প্রচার সম্পাদক মেজবাহুল হক, কার্যকরী সদস্য নিফাউল ইসলাম, সদস্য কাশফিহা খানম, সাইমুম ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আইইউসিএন-এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট সুলতান আহমেদ জানান, হিমালয়ের প্রচণ্ড শীত ও হিমঝড় সহ্য করতে না পেরে নভেম্বর-ডিসেম্বর মাসে এই প্রজাতির শকুন সমতলের দিকে চলে আসে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়ার সময় অনেক সময় তারা উড়তে পারে না, যা স্থানীয়রা অসুস্থতা হিসেবে ভুল বোঝেন।
তীর গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন জানান, বাংলাদেশে একসময় সাত প্রজাতির শকুন থাকলেও বর্তমানে রাজশকুন পুরোপুরি বিপন্ন। দেশে আনুমানিক মাত্র ২৬০টি বাংলা শকুন টিকে আছে। এই প্রেক্ষাপটে পরিযায়ী হিমালয়ান গৃধিনী শকুন সংরক্ষণ অত্যন্ত জরুরি।
তীরের উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক খলিলুর রহমান বলেন, শকুন প্রকৃতির ঝাড়ুদার হিসেবে কাজ করে। মৃত পশুর মাংস খেয়ে তারা পরিবেশকে রোগব্যাধি থেকে মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
গাইবান্ধা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলামের পরামর্শে শকুনটিকে উন্নত চিকিৎসা ও পরিচর্যার জন্য দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানের ‘শকুন উদ্ধার ও পরিচর্যাকেন্দ্রে’ পাঠানো হবে বলে জানানো হয়।






















