নতুন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক হওয়ার পর বিটিআরসি ভবনে ব্যবসায়ীদের তাণ্ডব
বিটিআরসির সামনে মোবাইল ব্যবসায়ীদের বিশৃঙ্খলা, এনইআইআর কার্যক্রমে প্রতিবাদ
- আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম বাধ্যতামূলকভাবে চালু হওয়ার পর রাজধানীর আগারগাঁওয়ে মোবাইল ব্যবসায়ীরা বিটিআরসি ভবনে হামলা চালিয়েছে। এতে ভবনের কাচ ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।
বিটিআরসি কর্মকর্তারা জানান, হঠাৎ করে কয়েকশ বিক্ষোভকারী ভবনের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন। প্রথম ও দ্বিতীয় তলার কাচ ভাঙে, এবং কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে ভবনের ভেতরে আটকা পড়েন।
মোবাইল বিজনেস কমিউনিটির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম, কিন্তু তৃতীয় পক্ষের কিছু মানুষ হামলা চালিয়েছে। আমরা তাদের ব্যবসায়ী হিসেবে স্বীকৃতি দেই না।”
বিটিআরসি’র উপ-পরিচালক জাকির হোসেন খাঁন জানান, এনইআইআর মূলত গ্রাহকদের প্রতারণা থেকে রক্ষা, সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন হ্যান্ডসেট নিশ্চিত করা, সাইবার নিরাপত্তা বৃদ্ধি এবং দেশীয় মোবাইল হ্যান্ডসেট উৎপাদন উৎসাহিত করার জন্য চালু হয়েছে।
পুলিশও জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনইআইআর কার্যক্রমের মাধ্যমে নতুনভাবে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেটগুলো বন্ধ করা হবে। ইতিমধ্যেই অবিক্রিত স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে।






















