দুর্গাপুর সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান, ভারতীয় নাগরিক আটক ও হস্তান্তর প্রক্রিয়া চলছে।
লালমনিরহাটে বিজিবি আটক করল ভারতীয় নাগরিক, সীমান্তে নিরাপত্তা জোরদার
- আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

আশিকুজ্জামান রানা | লালমনিরহাট প্রতিনিধি:
বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা বজায় রাখতে ১৫ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
মধ্যরাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র টহল দল, সীমান্ত পিলার ৯২৫/৫-এস থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর এলাকায় বিশ্বজিৎ কুমার দাস (২৫) কে আটক করে। তিনি ভারতের আলিপুরদুয়ার থানার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাস এর ছেলে।
আটককৃত ভারতীয় নাগরিকের কাছ থেকে বাংলাদেশী ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং একটি ভারতীয় আধার কার্ডের কপি উদ্ধার করা হয়। ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম জানান, আটককৃত নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে আদিতমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি সীমান্তে সব ধরনের অবৈধ পারাপার রোধে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















