সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় মানববন্ধনে অংশ নিলেন
কুমিল্লায় প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদিচি অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ১০:৪৮:৫০ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় স্বাধীন সাংবাদিকতা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সোয়া চারটায় কুমিল্লা কান্দিরপাড়ে টাউনহল সংলগ্ন এলাকায় কুমিল্লার সচেতন নাগরিক, সাংবাদিক, শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে গত বৃহস্পতিবার রাতে পরিকল্পিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই দিন সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটের অফিসে হামলা এবং পরদিন উদিচি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক (ফারুক) বলেন, “ধর্মকে ব্যবহার করে মৌলবাদ মাথাচাড়া দিলেও দেশের ইতিহাসকে ধ্বংস করা সম্ভব নয়। যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে দমন করতে চেয়েছিল, তাদের ধিক্কার জানাই। এইভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।”
মানববন্ধনের সঞ্চালক শাহজাহান চৌধুরী ও অন্যান্য বক্তারা সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার আহবান জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে কর্মসূচি শুরু করেন।




















