সেনাবাহিনী ও র্যাবের বিশেষ অভিযানে জাঙ্গালিয়া এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী গ্রেপ্তার
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী আটক
- আপডেট সময় : ০৩:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে

এ.কে.পলাশ|কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ নাজমুল ইসলাম শামীম নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) গভীর রাত থেকে ভোর ছয়টা পর্যন্ত কুমিল্লা মহানগরীর জাঙ্গালিয়া এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর এবং র্যাব-১১ (সিপিসি-২) যৌথভাবে প্রথমে সন্দেহভাজন নাজমুল ইসলাম শামীমের বাসভবনে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাসা থেকে উল্লেখযোগ্য পরিমাণ স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদ এবং বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরবর্তীতে তার ব্যবহৃত একাধিক গোপন আস্তানায় তল্লাশি চালানো হলেও প্রাথমিকভাবে তাকে সেখানে পাওয়া যায়নি।
পরে র্যাব-১১ (সিপিসি-২) আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং ব্যবহার করে সন্দেহভাজন শামীমকে আটক করতে সক্ষম হয়।
আটক নাজমুল ইসলাম শামীম কুমিল্লা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের জাঙ্গালিয়া এলাকার মরহুম আব্দুল হালিমের ছেলে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে—স্থানীয়ভাবে তৈরি ৩টি আগ্নেয়াস্ত্র (পাইপগান), ৬০ রাউন্ড শটগান কার্তুজ (১২ বোর × ৭০ মিমি ৪০ রাউন্ড ও ১২ বোর × ৭৬ মিমি ২০ রাউন্ড), ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ (৭.৬২×৫৪ মিমি), ১ রাউন্ড পিস্তল গোলাবারুদ (৭.৬২×২৫ মিমি টোকারেভ), ১ রাউন্ড রিভলভার/এয়ারগান গোলাবারুদ, ১০টি ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল। এছাড়াও দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৮টি মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ইসলাম শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত বড় চাঁদাবাজ হিসেবেও পরিচিত। ভয়ের কারণে অনেকেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে সাহস পেতেন না।
সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় অন্তত ৭টি মামলা রয়েছে। আটক শামীমকে উদ্ধারকৃত অস্ত্রসহ র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৪ পদাতিক ব্রিগেডের অধিনায়কত্বে ২৩ বীর কর্তৃক পরিচালিত এই অভিযান কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে একটি গুরুত্বপূর্ণ ও সফল উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।






















