চাপারহাট বাজারে ভ্যানচালক রাকিব হোসেনের উপর সাবেক ছাত্রদল নেতাসহ ছয়জনের হামলা
কালীগঞ্জে সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে ভ্যানচালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক ভ্যানচালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ রাকিব হোসেন (২৬) মঙ্গলবার কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জের টিডিডি পাড়া (সিমুল মোড়) এলাকার মানিক মিয়ার ছেলে রাকিব হোসেন ভ্যানগাড়ির মাধ্যমে মাছ ও ইলেকট্রিক সামগ্রী সরবরাহ করে জীবিকা নির্বাহ করেন।
ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, গত ১৭ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে চাপারহাট বাজারে (গ্রামীণ ব্যাংকের সামনে) ভ্যান নিয়ে অবস্থানকালে একটি শিশু রাস্তায় পার হওয়ার সময় রাকিব শিশুটিকে বাঁচাতে ভ্যান থামান। এ সময় চন্দ্রপুর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরিফ (৩০), হানিফ মিয়া ও আরও ৫/৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে গালিগালাজ শুরু করে।
পরবর্তীতে অভিযুক্তরা রাকিবকে কিল-ঘুষি মারতে থাকে, যার ফলে তার মাথা ও চোখ-মুখে গুরুতর জখম হয়। অভিযোগে আরও বলা হয়, শরিফুল ইসলাম প্যান্টের পেছনের পকেট থেকে ৪২,২৪০ টাকা ছিনিয়ে নেন এবং হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করেন।
স্থানীয় দোকানদার ও বাজারের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে রাকিব নিরাপত্তাহীনতায় ভুগে স্থানীয়দের সহযোগিতায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি হন (রেজিস্ট্রেশন নম্বর- ৩২১৯৫/৩৩) এবং চিকিৎসাধীন অবস্থায় থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী জানিয়েছেন, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপে ছিনতাইকৃত টাকা উদ্ধারের দাবি করেছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ অভিযোগটি তদন্তাধীন রাখছেন।














