বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সম্মানে দিনব্যাপী কর্মসূচি
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজয় দিবসের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
- আপডেট সময় : ০৭:৩৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কায়েসুর রহমান। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এরপর চৌমুহনী পৌরসভার প্রশাসকের পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর প্রশাসক কায়েসুর রহমান। এ সময় পৌরসভার সচিব জাকির হোসেন, প্রকৌশলী মোজাম্মেল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ কায়েসুর রহমান এবং বেগমগঞ্জ মডেল থানার ওসি মোঃ আঃ বারী শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।
ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ভূমি কর্মকর্তা শাহাদাত হোসেন এবং বেগমগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান। এ সময় ইউএনও ও ওসির সহধর্মিণীগণসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে বেগমগঞ্জ স্কুল হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিয়া গ্রুপের চেয়ারম্যান ও বেগমগঞ্জ সোশ্যাল অ্যালাইনমেন্ট ফেডারেশনের সভাপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব সাহাব উদ্দিন। পরে প্রীতিভোজের মধ্য দিয়ে দিবসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে






















