সংখ্যালঘু পরিবারের দাবি—প্রভাবশালী চক্রের হুমকিতে আতঙ্কে সাতটি পরিবার
ছাতকে আকিজ প্লাস্টিকের কর্মকর্তাদের বিরুদ্ধে সংখ্যালঘু পরিবারের ভূমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০৬:০০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে আকিজ প্লাস্টিক কোম্পানির দুই কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের কোটি টাকার পূর্বপুরুষের ভিটে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সিবানী রানী চন্দ।
লিখিত বক্তব্যে তিনি জানান, কুমনা মৌজার ডিসি খতিয়ানের ১৭ শতক জমিতে খাজনা পরিশোধ করে তাদের পরিবার প্রায় ৮০ থেকে ৯০ বছর ধরে বসবাস করছে। কিন্তু হঠাৎ করে আকিজ প্লাস্টিক কোম্পানির জিএম মুন্না ও কর্মকর্তা সুহেলের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল ওই জমি দখলের পাঁয়তারা শুরু করেছে।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনের বৈধভাবে বসবাস করা এই ভূমি দখলের হুমকিতে আতঙ্কে রয়েছে তাদের সাতটি পরিবারের অর্ধশতাধিক মানুষ। দখলদার চক্র তার চাচা সন্টু চন্দকে ভয়ভীতি দেখিয়ে জমি ছাড়ার জন্য চাপ সৃষ্টি করে এবং এতে রাজি না হওয়ায় তাদের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে। এসব হুমকির ভিডিও প্রমাণ পরিবারটির কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান তিনি।
সিবানী রানী চন্দ আরও জানান, গত ২০ নভেম্বর দখলদার চক্র তাদের বিরুদ্ধে ছাতক থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে। পরে ২৬ নভেম্বর তার চাচা সন্টু চন্দ থানায় লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং দখলদাররা আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ তার।
তিনি বলেন, “আমরা হিন্দু সংখ্যালঘু মানুষ। আত্মরক্ষার শক্তি নেই। ১৭ শতক ভিটে-মাটিই আমাদের শেষ সম্বল। একটি প্রভাবশালী চক্র এখন সেটাই কেড়ে নিতে চাইছে।”
তাই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের মাধ্যমে ঘটনার সত্যতা জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান।






















