গভীর রাতে কোল্ড স্টোরেজে ঢুকে ডাকাতদের লুটপাট, নিরাপত্তাকর্মী আহত
রাজশাহীতে গভীর রাতে কোল্ড স্টোরেজে ডাকাতি: লাখাধিক টাকার লুটপাট
- আপডেট সময় : ১০:০৫:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে প্রায় চার লাখ টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুখোশধারী ৬-৭ জনের একটি ডাকাত দল কোল্ড স্টোরেজে প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মী আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এবং অন্যান্য নিরাপত্তাকর্মীদের দড়ি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতরা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় ৩০ মিনিট হিমাগারে অবস্থান করে।
এ ঘটনায় তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে এবং কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছে। পুলিশ সুপার ফারজানা ইসলাম জানিয়েছেন, তিনি বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার ‘দেশ কোল্ড স্টোরেজে’ নিরাপত্তা কর্মীকে বেঁধে রেখে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুটের ঘটনা ঘটে।














