ঢাবিতে হুড়োহুড়িতে আহত শিক্ষার্থী — বংশালে রেলিং ভেঙে নিহত মেডিকেল ছাত্র রাফি — মাঠপর্যায়ে ক্ষতি নিরূপণের নির্দেশনা
ঢাকা–নরসিংদীতে সেকেন্ডের ব্যবধানে ৩ ভূমিকম্প: আতঙ্কে আহত শিক্ষার্থী, ক্ষতি নিরূপণের নির্দেশ
- আপডেট সময় : ০৭:৩০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে সেকেন্ডের ব্যবধানে কয়েক দফা ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকা ও নরসিংদী। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ দেশ না হলেও ইন্ডিয়ান–বার্মা প্লেটের সংযোগস্থলে বিপুল শক্তি জমে থাকায় বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই শক্তি হঠাৎ মুক্তি পায়, তবে ৮ দশমিক ২ থেকে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হতে পারে। সময় নির্ণয় করা সম্ভব না হলেও এর প্রভাব হবে মারাত্মক।
এদিকে ঢাকায় তৃতীয় দফার ভূমিকম্পে ঢাবি ক্যাম্পাসে হুড়োহুড়ির সময় ছয় শিক্ষার্থী আহত হন। শামসুন্নাহার হলে তিনজন, কুয়েত মৈত্রী হলে একজন, বেগম রোকেয়া হলে একজন এবং মাস্টারদা সূর্যসেন হলে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগই ছাত্রী।
ভয়াবহ আরেক দুঃসংবাদ এসেছে বগুড়া থেকে। শুক্রবার রাজধানীর বংশালে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ভবনের রেলিং ভেঙে পড়ে নিহত হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি। পরে বগুড়ার সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় মাথায় আঘাত পেয়ে হাসপাতলে ভর্তি রয়েছেন রাফির মা নুসরাত। চিকিৎসকরা জানিয়েছেন, ৭২ ঘণ্টা পার না হলে তাকে ছেলের মৃত্যুসংবাদ জানানো যাবে না। তবে লাশ দাফনের প্রয়োজনীয়তা থাকায় শেষবারের মতো ছেলেকে দেখিয়ে মাকে আবার হাসপাতালে নেওয়া হয়।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক–ই–আজম সব দপ্তরকে মাঠপর্যায়ে ক্ষতি নিরূপণের নির্দেশ দিয়েছেন। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে, যেখানে জরুরি প্রয়োজনে ০২৫৮৮১১৬৫১ নম্বরে যোগাযোগ করা যাবে। ভূমিকম্প নিয়ে কোনো গুজব না ছড়িয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।














