গাইনবাড়ি এলাকায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধন—অভিযুক্তদের বিচার দাবি
গাবুরা গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র নির্যাতন ও হুজুরকে জড়িয়ে চক্রান্তের অভিযোগে মানববন্ধন
- আপডেট সময় : ০৭:২০:০০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার কয়েক শিক্ষার্থীকে বেআইনি ও অনৈতিকভাবে শারীরিক নির্যাতন এবং মাদ্রাসার হুজুরকে জড়িয়ে চক্রান্তের অভিযোগে অভিযুক্ত নয়ন, মিলন ও তাদের পিতা মাকছুর রহমান গাইনের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গাবুরা গাইনবাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী স্থানীয় জনগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত তিনজন নিজেরাই আইন হাতে তুলে নিয়ে মাদ্রাসার কোমলমতি ছাত্রদের নির্মমভাবে প্রহার করেছে। পাশাপাশি মাদ্রাসার হুজুরকে বদনাম করা ও তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে তারা।
বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের ওপর এ ধরনের অমানবিক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা শিক্ষার পরিবেশ নষ্ট করছে এবং নিরীহ হুজুরের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধনে অবিলম্বে ঘটনাটির সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের আইনের আওতায় আনা এবং মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। স্থানীয়দের দাবি, এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনটি আয়োজন করেন গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীগণ। তারা জানান, ঘটনা গভীরভাবে তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
মানববন্ধনের শেষ পর্যায়ে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মাওলানা দিদারুল ইসলাম এবং জামায়াতে ইসলামী গাবুরা ইউনিয়ন শাখার নায়েবে আমির ও গাবুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ইসহাক আলী। তারা বলেন, “গাইনবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও হুজুরের প্রতি যে বেআইনি আচরণ হয়েছে তার সুষ্ঠু বিচার আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত করা হবে।”














