অস্ত্রধারী ১০–১২ সন্ত্রাসীর দল; মুক্তিপণ না পেয়ে রাখালকে মারধর
পটিয়ায় পাহাড়ি সন্ত্রাসীদের হামলা: অস্ত্রের মুখে ৮টি গরু লুট
- আপডেট সময় : ০৭:৩৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ধামাইছড়ি পাহাড়ি এলাকায় গরু চড়াতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন এক রাখাল। অস্ত্রের মুখে স্থানীয় মেম্বার রবিউল হুসাইন কপিলের মালিকানাধীন মোট ৮টি গরু নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর (মঙ্গলবার)। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা ও দীর্ঘদিন ধরে গরুর দেখভাল করা রাখাল সৈয়দুল আমিন প্রতিদিনের মতো সেদিনও গরুগুলো নিয়ে ধামাইছড়ি পাহাড়ি এলাকায় যান। একপর্যায়ে ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে আটক করে বেঁধে ফেলে এবং পরে জোরপূর্বক গরুগুলো নিয়ে যায়।
মুক্তিপণ না পেয়ে সন্ত্রাসীরা তাকে বেদম মারধর করে ছেড়ে দেয় বলেও জানিয়েছেন ভুক্তভোগী রাখাল।
গরুর মালিক কেলিশহর ইউনিয়ন পরিষদের মেম্বার রবিউল হুসাইন কপিল বলেন, “আমার ৮টি গরুর আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা ঘটনাস্থলে এসে তদন্ত করেছে।”
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানান, “অস্ত্রের মুখে ৮টি গরু লুটের সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে যায়। গরু উদ্ধারে অভিযান চলছে।”














