গঠনমূলক সমালোচনায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ইসরাফিলের পাল্টা মন্তব্য
জবি ছাত্রদলের সমালোচনায় পদবিহীন কর্মী ইসরাফিলকে শোকজ, সংগঠনে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ
- আপডেট সময় : ০৫:৩৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতৃত্ব ও গঠনমূলক সমালোচনা করায় সংগঠনের কোনো পদে না থাকা কর্মী ইসরাফিল আলম রাফিলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় দপ্তর সম্পাদক মো. মোজাম্মেল মামুন ডেনি স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, প্রাথমিক সদস্য হয়েও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
তবে অভিযুক্ত ইসরাফিল আলম রাফিল দাবি করেছেন, তিনি ছাত্রদলের কোনো পদেই নেই। তাই পদবিহীন একজন কর্মীকে শোকজ করা ‘সাংগঠনিক অদক্ষতার পরিচয়’।
তিনি বলেন, “দলের স্বার্থে যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা বা নীতিগত মতামত দেওয়া কখনোই শৃঙ্খলা ভঙ্গ নয়; বরং এটি সংগঠনের উন্নতির অংশ।”
ইসরাফিল আরও জানান, “২০১৮ সালে প্রথম বর্ষে পড়াকালীন ছাত্রলীগের হাতে টানা ২–৩ ঘণ্টা নির্যাতনের শিকার হয়েছি। অথচ জবি ছাত্রদলের ঘোষিত ৪৫৫ সদস্যের কমিটিতে ছাত্রলীগ–শিবির, বিবাহিত ও চাকরিজীবী সবাই স্থান পেয়েছে। এখন আমাকে ‘প্রাথমিক সদস্য’ বলা হচ্ছে—এটি অবিচার।”
তিনি অভিযোগ করেন, “আসন্ন জকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে অন্য সংগঠনের কাউকে না দিয়ে নিজ সংগঠনের যোগ্যদের মনোনয়ন দেওয়ার প্রস্তাবই যদি শৃঙ্খলা ভঙ্গ ধরা হয়, তবে এটি গঠনতত্ত্ববিরোধী।”
ছাত্রদল গঠনতত্ত্বের অনুচ্ছেদ–৩০ অনুযায়ী, সংগঠনের ভেতরে গঠনমূলক আলোচনা ও আত্মসমালোচনা সংগঠনকে শক্তিশালী করার অন্যতম উপায়।














