গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর অভিযান, দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার
চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক
- আপডেট সময় : ০৬:০২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ মো. টিপু (৩০) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুর-কর্তাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রাজবল্লবপুর-কর্তাম এলাকায় টিপুর বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বসতঘর থেকে দেশীয় তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় এবং টিপুকে আটক করা হয়।
চৌদ্দগ্রাম সেনাক্যাম্প সূত্রে নিশ্চিত করা হয় যে, আটক টিপু দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ জানান, “অস্ত্রসহ আটককৃত টিপুর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।”






















