ভাঙা এক্সপ্রেসওয়েতে ভোরে মুখোশধারীদের তাণ্ডব, যান চলাচল বন্ধ—পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিয়ন্ত্রণে পরিস্থিতি
শিবচরে ভাঙা এক্সপ্রেসওয়েতে লকডাউনে সড়ক অবরোধ ও ট্রাকে অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৯:০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ভাঙা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচির সময় দুর্বৃত্তরা সড়ক অবরোধ, যানবাহনে হামলা ও একটি ট্রাকে অগ্নিসংযোগ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ কয়েকজন মুখোশধারী ব্যক্তি এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই চারপাশে ধোঁয়ায় ছেয়ে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে পদ্মা সেতুর দিকে যাওয়া যানবাহনগুলো আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ সময় কয়েকটি বাস ও ট্রাকে হামলার ঘটনাও ঘটে। খবর পেয়ে শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক সাহাদাত হোসেন খান ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সহায়তায় সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
সাহাদাত হোসেন খান বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে কোনো সহিংসতা বা অরাজকতা আমরা সমর্থন করি না। জনগণের দুর্ভোগ দূর করতেই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।”

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, “সকালে ভাঙা এক্সপ্রেসওয়ের এক কিলোমিটার পশ্চিমে আন্দোলনকারীরা অবস্থান নেয়। পুলিশ সরিয়ে দিতে গেলে তারা একটি ট্রাকে আগুন দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”
তিনি আরও জানান, “আটকে পড়া যানবাহনগুলোকে নিরাপত্তা দিয়ে পদ্মা সেতু পারাপারে সহায়তা করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”






















