লাকসামে বিএনপির গণসংযোগে ধাওয়া-পাল্টা ধাওয়া, উত্তেজনা বিরাজ
কুমিল্লায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে সাবেক এমপির মেয়েসহ আহত ১০ জন
- আপডেট সময় : ০৭:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় বিএনপির গণসংযোগকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিমের মেয়ে ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে।
এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদলসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “ঘটনার পরপরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”














