বাবার দাঁত ভাঙা, মায়ের ওপর হামলা— ভূরুঙ্গামারীতে দুই ছেলের জঘন্য নির্যাতন
ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার
- আপডেট সময় : ০৮:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ৯৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক চাঞ্চল্যকর ঘটনায় বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার অভিযোগে দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মাসুদ রানা (৩২) ও মোঃ কুদরাত-ই-হৃদয় (২২)। তারা উপজেলার গছিডাঙ্গা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল বারী ও মনয়ারা বেগমের সন্তান।
ভুক্তভোগী মা মনয়ারা বেগম বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মামলা দায়ের করেন। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিদের আটক করে আদালতে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ রানার মেয়েকে তার দাদী মনয়ারা বেগম প্যান্ট পরিয়ে দেন। এ সময় মেয়েটি বলে— “বাবা এর চেয়ে ভালো করে পরিয়ে দিতে পারে।” এই কথাকে কেন্দ্র করে দুই ভাই ক্ষিপ্ত হয়ে নিজেদের মা-বাবার ওপর নির্দয়ভাবে হামলা চালায়। এতে তাদের বাবা আব্দুল বারীর তিনটি দাঁত ভেঙে যায়।
স্থানীয়রা জানান, দুই ছেলে মাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং গাছে বেঁধে রাখার উদ্যোগ নেয়। পরে স্থানীয়দের সহায়তায় মনয়ারা বেগমকে উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “বৃদ্ধ মা-বাবাকে মারধরের মতো জঘন্য ঘটনায় পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমানের নির্দেশে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় নিন্দার ঝড় উঠেছে। স্থানীয়রা বলছেন, “নিজের জন্মদাতা মা-বাবার ওপর এমন অমানবিক আচরণ সমাজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখে।”
স্থানীয়রা পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।














