কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসের সভায় ঐক্যের আহ্বান বিএনপি নেতার
তারেক রহমান দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত: কুমিল্লায় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় মনিরুল হক চৌধুরী
- আপডেট সময় : ০৭:০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত আলোচনা সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুমিল্লা-৬ (সদর দক্ষিণ-লালমাই) আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মনিরুল হক চৌধুরী বলেছেন, “তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। বিবিসির সাক্ষাৎকার প্রমাণ করেছে, তিনি দেশের নেতৃত্ব নিতে সম্পূর্ণ প্রস্তুত।”
শনিবার বিকেলে সদর দক্ষিণ উপজেলার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। সেই দিন থেকেই শুরু হয় জাতীয় ঐক্যের নতুন অধ্যায়।”
মনিরুল হক চৌধুরী বলেন, “জিয়াউর রহমান রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনেন, জাতীয়তাবাদের ভিত্তি মজবুত করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেন।”
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দলের সিদ্ধান্ত অনুযায়ী সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কারণ ঐক্যই আগামী দিনের বিজয়ের মূল শক্তি।”
সভায় উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।














