বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার মামলায় নাম থাকা নেতা জয়নাবকে আদালতে পাঠানো হয়েছে
পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার আসামি আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জয়নাব গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জয়নাব (৪৯) কে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ।
গত ৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাগজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জয়নাবকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানা সূত্রে জানা গেছে, গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যে, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জয়নাব সরাসরি ওই হামলায় জড়িত ছিলেন।
এ ঘটনায় আহত ছাত্র এনামুর রশীদ বাদী হয়ে গত ২৭ আগস্ট পটিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় জয়নাব এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন। এছাড়া, ২৯ আগস্ট দায়ের হওয়া অপর একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায়ও তার নাম রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন,
“আসামি জয়নাল আবেদীন জয়নাবের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
জয়নাল আবেদীন জয়নাব পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওই ওয়ার্ডের আল্লাই কাগজীপাড়ার আনোয়ার মিয়ার ছেলে।














