বালুমহাল আধিপত্যের জেরে সোনারগাঁয়ে সহিংস সংঘর্ষে আহত ৪, দগ্ধ ঘরবাড়ি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
নারায়ণগঞ্জে বালুমহাল নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘরে অগ্নিসংযোগ
- আপডেট সময় : ০৩:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালুমহাল নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন এবং কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও তার ছোট ভাই পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বালুমহাল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এ বিরোধ তীব্র আকার ধারণ করে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উভয়পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপ, লুটপাট এবং বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন জানান, অন্তত চারটি ঘরে আগুন দেওয়া হয়। আগুন নেভাতে গেলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম বলেন, “দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”
সংঘর্ষে আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা দুই ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”














