চরনদ্বীপে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মুখোমুখি, আইনগত পদক্ষেপ চলছে
চকরিয়ার চরনদ্বীপে চিংড়ি ঘের দখল নিয়ে উত্তেজনা: সংঘর্ষের আশঙ্কা, থানায় অভিযোগ
- আপডেট সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫ ৪১ বার পড়া হয়েছে

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার চরনদ্বীপ এলাকায় ভোগদখলীয় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর ২০২৫) সকাল ৮টার দিকে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেড়িবাঁধসংলগ্ন চারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন একর জমি স্থানীয় জয়নাল আবদীনের পরিবারের দীর্ঘদিনের ভোগদখলে রয়েছে। তার পিতা ১৯৮৫ সাল থেকে জমিটি ব্যবহার করে আসছিলেন। পরবর্তীতে ১৯৯৯ সালের ২০ এপ্রিল জয়নাল আবদীন জমির ইজারার জন্য আবেদন করেন (স্মারক নং ৩৭৫)।
এর ভিত্তিতে জেলা প্রশাসক ২০০৩ সালের ১৭ ডিসেম্বর সহকারী কমিশনার (ভূমি), চকরিয়াকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে জমিটি চিংড়ি খাস জমি হিসেবে ইজারার সুপারিশ করা হয় (স্মারক নং ৬০২/এস,এ, তারিখ ২৭/১২/২০০৩)।
এ অবস্থায় গত শুক্রবার সকালে একই এলাকার মো. মোক্তার (৩৫) এর নেতৃত্বে একদল ব্যক্তি এস্কেভেটর নিয়ে জয়নাল গং এর চিংড়ি ঘের এলাকায় প্রবেশ করে। তারা পুরাতন কাঁটি মেরামতের নামে জোরপূর্বক দখলের চেষ্টা করে। বাধা দিতে গেলে জয়নাল পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযুক্ত মোক্তার বলেন,
> “এটি সরকারি পতিত খাস জমি। আমি চাষ করতে চাই। বৈধ কাগজ থাকলে তারা জমি রাখুক।”
অন্যদিকে জয়নাল আবদীন বলেন,
> “১৯৮৫ সাল থেকে দখলে আছি। ইজারার আবেদনও করা হয়েছে। এখন জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।”
এ ঘটনায় চকরিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন,
> “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল জানিয়েছে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে পারে।






















