দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও মাঠে সক্রিয় ভূমিকার মূল্যায়ন—মিলনের অনুসারীদের উচ্ছ্বাস
অবশেষে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কলিম উদ্দিন আহমেদ মিলন
- আপডেট সময় : ০৭:৫৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত জাতীয় সংসদীয় আসন সুনামগঞ্জ-৫ এ অবশেষে দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও তিনবারের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার মনোনয়ন ঘোষণা করা হয়।
এ আসনে দীর্ঘদিন ধরে দুই কেন্দ্রীয় নেতাকে ঘিরে রাজনৈতিক জল্পনা-কল্পনা ও উত্তেজনা চলছিল। মনোনয়নের ঘোষণার পর মিলনের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং তারা তাকে অভিনন্দন জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের শাসনামলে মামলা-হামলা ও দমন-পীড়নের মধ্যেও মাঠে সক্রিয় থাকার কারণেই মিলনের প্রতি দলের আস্থা অটুট ছিল। তিনি জেলার বিভিন্ন থানায় নয়টি রাজনৈতিক মামলার আসামি হলেও রাজনীতি ও আন্দোলন থেকে কখনো পিছিয়ে যাননি।
কলিম উদ্দিন মিলনের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯৬ সালে জাসদ থেকে নির্বাচন করার মাধ্যমে। একই বছর স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে মনোনয়ন না পেলেও দলের প্রতি বিশ্বস্ততা ও আন্দোলনে সক্রিয় ভূমিকার জন্য তিনি সংগঠনের আস্থা ধরে রাখেন। দলের কঠিন সময়ে টেলিভিশন টকশোসহ জনসমক্ষে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন এবং দলের পক্ষে দৃঢ় অবস্থান রাখেন।
মিলনের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর ছাতক ও দোয়ারাবাজারের বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন














