তুহিন হত্যাকাণ্ডে নতুন অগ্রগতি, আসামির স্বীকারোক্তিতে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য
কুমিল্লায় আলোচিত তুহিন হত্যা: প্রধান আসামির ভাই গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
- আপডেট সময় : ১২:৫৫:১৭ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় আলোচিত কলেজছাত্র তুহিন হত্যা মামলার অন্যতম আসামি শফিউল আলম মানিক (৪২) গ্রেফতার হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল রবিবার (২ নভেম্বর) ভোরে সদর উপজেলার শিমপুর গ্রাম থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত মানিক বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত হাজী আবুল খায়েরের ছেলে এবং মামলার প্রধান আসামি বাবুর ছোট ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ।
তিনি জানান, শিক্ষার্থী তুহিন হত্যা মামলার আসামি মানিককে গ্রেফতারের পর আদালতে নেওয়া হয়। পরে বিচারক আবিদা সুলতানা মৌলীর আদালতে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তুহিনকে নির্যাতন ও হত্যার ঘটনাবলী বিস্তারিত তুলে ধরেন মানিক।
তদন্ত কর্মকর্তা আরও জানান, তদন্তের স্বার্থে আরও তথ্য যাচাই চলছে। মানিকের স্বীকারোক্তির ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। প্রধান আসামি বাবু যেন দেশত্যাগ করতে না পারে, সে জন্য স্থলবন্দর, বিমানবন্দরসহ সব পয়েন্টে সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, পূর্ব বিরোধের জেরে ২০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তুহিনকে অপহরণ করা হয়। পরে নির্যাতনের শিকার হয়ে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর সকাল ১১টায় তার মৃত্যু হয়। নিহত তুহিন কুমিল্লা বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।














