গ্রামীণ কৃষকের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান নেতৃবৃন্দের
গজালিয়ায় কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত: কৃষকের অধিকার আদায়ের প্রত্যয়
- আপডেট সময় : ০৯:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০২ নভেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের ব্রিক ফিল্ড এলাকায় ১, ২ ও ৩ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের উপস্থিতিতে সভায় কৃষকদের অধিকার, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার তুলে ধরা হয়।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব মংক্যচিং চৌধুরী। তিনি বলেন, “আজকের এই সমাবেশ কৃষকদের সংগঠিত হওয়ার একটি নতুন ধাপ। কৃষক শক্তিশালী হলে রাষ্ট্র শক্তিশালী হয়—তাই মাঠ পর্যায়ের সংগঠন আরও সক্রিয় করতে হবে।”
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা কৃষকদলের আহবায়ক জনাব মোঃ ইব্রাহিম। তিনি বলেন, “বর্তমান কৃষক পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। কৃষককে বাঁচাতে হবে—তাহলেই কৃষি ও অর্থনীতি টিকে থাকবে।”
প্রধান বক্তা ও লামা উপজেলা কৃষকদলের সদস্য সচিব জনাব মোঃ আমির হোসেন বলেন, “কৃষকের ঘাম শুকানোর আগেই তার পরিশ্রমের মূল্য কেড়ে নেওয়া হচ্ছে। এই বৈষম্য দূর করাই আমাদের সংগ্রাম।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক জনাব থোয়াইসে মং মার্মা, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য জনাবা পিতমা ত্রিপুরা ও সাবেক ওয়ার্ড সভাপতি জনাব মোহাম্মদ নবী। বক্তারা কৃষকের সংগঠনকে শক্তিশালী করা, নারী কৃষকদের সহযোগিতা ও মাঠ পর্যায়ে নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন গজালিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক জনাব মোঃ অজিউল্লাহ এবং অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব জনাব মোঃ আব্দুল কাদের। তারা বলেন, “গজালিয়ার প্রতিটি কৃষকই আমাদের শক্তি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে মাঠে থেকে কাজ করবো।”
অনুষ্ঠানে ইউনিয়নের তিন ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দ ও কৃষকরা উপস্থিত ছিলেন।















কৃষকের অধিকার বাস্তবায়ন করতে ধানের শিষের বিকল্প নাই