সত্য প্রকাশে আপোষহীনতার বার্তা; উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়
আজকের জীবনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার পুনর্ব্যক্ত কুমিল্লায়
- আপডেট সময় : ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লায় বস্তুনিষ্ঠ ও নির্ভীক সাংবাদিকতার প্রতীক দৈনিক আজকের জীবন পত্রিকার ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন সেক্টরের অনিয়ম, দুর্নীতি ও অবহেলিত মানুষের কথা তুলে ধরে আজকের জীবন দেশের গণমাধ্যমে বিশ্বাসযোগ্যতার জায়গায় পৌঁছেছে।

বক্তারা আরও বলেন, “স্বাধীনতার পক্ষে, দেশ ও মানুষের কল্যাণে সত্য প্রকাশে আপোষহীন” নীতিতে এগিয়ে যাচ্ছে আজকের জীবন। গত ২৬ বছরে পত্রিকাটি দেশের সচেতন সমাজের আস্থা অর্জন করেছে এবং অবহেলিত মানুষের বলিষ্ঠ কণ্ঠে পরিণত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক ফারুক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের প্রতিনিধি মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। স্বাগত বক্তব্য দেন আজকের জীবনের জেলা প্রতিনিধি নেকবর হোসেন।
বক্তারা বলেন, পত্রিকার সম্পাদক সফিকুর রহমান দীর্ঘ ২৬ বছরের সংগ্রামে একটি গ্রহণযোগ্য জাতীয় দৈনিক হিসেবে আজকের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলার আলোড়ন পত্রিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিনিয়র সাংবাদিক সাদিক মামুন, সময় টিভির কুমিল্লা প্রতিনিধি বাহার রায়হানসহ উপস্থিত সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং শেষে অতিথিবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা ভবিষ্যতে আরও সাহসী, সত্যনিষ্ঠ ও দেশপ্রেমিক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।






















